
গাজীপুর প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ী রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী সমাবেশ সঞ্চালনা করেন।

সমাবেশে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার, সাখাওয়াত হোসেন সেলিম, সাখাওয়াত হোসেন সবুজ ও আনোয়ার হোসেন। এছাড়া গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে কর্মসূচিতে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর নেতৃত্বে একটি বিশাল মিছিল অংশ নেয়। মিছিলটি নিয়ে কালীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে যোগ দেন।
এর আগে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজবাড়ী রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় অবস্থান তুলে ধরেন।









































